print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম,

ময়মনসিংহের গফরগাঁওয়ে আবারও চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় হুক ভেঙে ট্রেনের বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ইঞ্জিনসহ ক, গ ও ঘ নম্বর বগি সামনে চলে যায়। অন্যদিকে খ নম্বর বগি, পাওয়ার কার এবং ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ ও ড নম্বর বগিগুলো পেছনে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিনসহ সামনের তিনটি বগি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়।

ওসি আরও জানান, বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। পরে পেছনের দিকে ট্রেনটি ফিরিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নেওয়া হয়। এরপর চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে বগিগুলোর সংযোগ পুনরায় স্থাপন করা হয়। পরে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে একই উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে একই এলাকায় দুটি আন্তঃনগর ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় রেলপথে ট্রেনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।