print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

“শিক্ষকদের পাশে দাঁড়াই, পেশা সুরক্ষার ৬০ বছর: মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ রূপায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতার মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং পুলিশ সুপার আসাদুজ্জামান।
বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষিত জনগোষ্ঠী, আর সেই জনগোষ্ঠী গড়ে তোলার কারিগর শিক্ষকরা। শিক্ষকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব।
তারা আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। এজন্য শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদানকে সম্মান জানানো, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি উদযাপন করা হয়ে থাকে।