print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুজিআরা বেগম (৩৫) ও মানিকুজ্জামান (৩২) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১০:৪৫টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের বাসিন্দা মো: রুবেল হোসেনের ১১ মাস বয়সী শিশু নাফিজকে নিজ শয়নঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নাঘরের কাজে যান তার মা নিপা খাতুন। দুপুর ১২:০০টার দিকে সন্তানকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

পরবর্তীতে রুবেল হোসেন তার প্রতিবন্ধী ভাতিজী মোসাঃ শিরিন খাতুনের মাধ্যমে জানতে পারেন যে, সকাল ১১:০০টার দিকে শিশু নাফিজকে নিয়ে কেক কিনতে হাজারবিঘি বাজারে যাওয়ার পথে হাজারবিঘি চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এক বোরখাপরা নারী শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ​এ ঘটনার পর দিন (২২ সেপ্টেম্বর) শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ৪০/৩৬৯) দায়ের করা হয়। ​মামলা দায়েরের পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২২ সেপ্টেম্বর মামলার প্রধান আসামী মোসাঃ সুজিআরা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়। ​পরবর্তীতে গ্রেফতারকৃত সুজিআরা বেগমের দেওয়া তথ্য ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকার মো: ইব্রাহিমের একটি ভাড়া বাড়ি থেকে অপর আসামী মো: মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশু নাফিজকে (১১ মাস) সম্পূর্ণ সুস্থ ও অলৌকিকভাবে উদ্ধার করা হয়। ​গ্রেফতারকৃত মোসাঃ সুজিআরা বেগম শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মো: মানিকুজ্জামান একই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আসামীদের আদালতে সোপর্দ করা হবে।