
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা উদ্যাপন করা হয়েছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন মন্দির ও হিন্দু অধ্যুষিত পাড়া-মহল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুরোহিতদের মন্ত্রপাঠ, পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভক্তরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে বিশ্বকর্মার প্রতিমায় পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রার্থনা করেন।
পূজাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। মন্দির প্রাঙ্গণে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। কোথাও কোথাও পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ ও অন্যান্য ধর্মীয় আয়োজনও করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিশ্বকর্মা দেবতা নির্মাণ, কারিগরি ও শিল্পকর্মের দেবতা। তাই বিভিন্ন কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, কারিগরি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত কর্মস্থলেও এদিন বিশেষভাবে পূজা-অর্চনা করা হয়।



