
প্রকাশিত
দেশ সময় ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের তথ্যমতে, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই আহত কর্মকর্তাকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের ব্যবস্থা করা হয়।
আইএসপিআর জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।



