print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোপা-আমন চাষিরা। পরে প্রশাসনের আশ্বাস ও হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

সোমবার (১০ আগস্ট) সকালে জেলার কালীগঞ্জ বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে কয়েক হাজার কৃষক অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা চাহিদামতো সার না পাওয়ার অভিযোগ তুলে দ্রুত সংকট নিরসনের দাবি জানান।

বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, চলমান রোপা-আমন মৌসুমে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একাধিক ডিলারের কাছে ঘুরেও পর্যাপ্ত সার পাওয়া যাচ্ছে না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মহাসড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে আলোচনা করেন।

পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সারের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে কৃষকরা অবরোধ তুলে নেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কৃষকদের চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে