
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধাম তিথি পালিত হয়েছে। এ উপলক্ষে পূজা-অর্চনা, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করে গলাচিপা উপজেলা লোকনাথ মানব সেবা সংঘ। আয়োজক সূত্রে জানা যায়, ভোর ৫টায় বাল্যভোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একান্ন ভোগ নিবেদন, দুপুর সাড়ে ১২টায় অঞ্জলি প্রদান, দুপুর ১টায় রাজভোগ এবং বেলা ১টা ৩০ মিনিটে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।গলাচিপা উপজেলা লোকনাথ মানব সেবা সংঘের সভাপতি পরান বণিক বলেন, “শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধাম তিথি উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে দুই দিন লীলা কীর্তন, দুই দিন ভাগবত পাঠ এবং তিরোধাম তিথিতে বিশেষ পূজা-অর্চনা, রাজভোগ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।”
সংগঠনের সাধারণ সম্পাদক হরিপদ সরকার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মজয়ন্তী ও তিরোধাম তিথি উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে আসছি। এবারও কেন্দ্রীয় কালীবাড়িতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। এতে ভক্তদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।”অনুষ্ঠান ঘিরে কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী পূজা-অর্চনা, কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তরা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণের আহ্বান জানান।এ সময় দেশ, জাতি, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



