print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন 

গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি।

গোপালগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব মুঠোফোনে ১১৩টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ পৌরসভার এফএনএফ শপিং মলের পেছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদিউল ইসলাম বদি (৪৯), মো. সাইফুর রহমান ওরফে সাইফুল, সাইদুল ও জসিম (৪২), মো. ইমরান খান (৪৪) এবং মো. বিল্লাল বিশ্বাস (৩৮)।

আজ সোমবার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, মুঠোফোনগুলো পর্যালোচনা করে বদিউল ইসলামের ফোনে ২৩টি, সাইফুর রহমানের ফোনে ৬৪টি, ইমরান খানের ফোনে ৪টি এবং বিল্লাল বিশ্বাসের ফোনে ২২টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া যায়।

ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলছিলেন। বদিউল ইসলামকে পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট এবং অপর তিনজনকে অনলাইন জুয়াড়ি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।