
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।
অভিযানকালে ওই এলাকার একটি মেহগনি বাগানের সামনে পাকা সড়কে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ৩২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম (৩৩) এবং একই এলাকার আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোর (১৫)। আইনগত কারণে কিশোরের পরিচয় গোপন রাখা হয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন কিংবা সংরক্ষণ সংক্রান্ত কোনো তথ্য থাকলে সাধারণ জনগণকে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
মাদক নির্মূলে জেলা পুলিশের এই ধারাবাহিক অভিযানে সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



