
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল পরবর্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় প্রত্যেক কৃতকার্য শিক্ষার্থীকে একটি করে গোলাপ ফুল দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অগ্রজ শিক্ষার্থীদের সাফল্য দেখে অনুজ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষার্থীরা করতালির মাধ্যমে সদ্য এসএসসি উত্তীর্ণ বড় ভাই-আপুদের অভিনন্দন জানায়। বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, কৃতকার্য শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।



