print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। 

গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি পূর্বপাড়া গ্রাম থেকে বিএম মাহমুদুল ইসলাম নোবেল (এসআই) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খাগড়াছড়ির মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সরকারি কাজে গোপালগঞ্জে আসেন মাহমুদুল ইসলাম। কাজ শেষে তিনি সদর উপজেলার পাইকান্দি পূর্বপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শ্বশুরবাড়ির পাশের একটি পুকুরপাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন শিশু। পরে শ্বশুরবাড়ির লোকজন মরদেহটি উদ্ধার করে রাস্তার পাশে একটি ভ্যানে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পারিবারিক সূত্রের দাবি, প্রায় ১০ বছর আগে বিয়ের পর থেকে মাহমুদুল ইসলাম ছুটিতে বাড়িতে এলে নিজের গ্রামের বাড়ি বিজয়পাশায় না গিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ও তাঁর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলেও দাবি করেছেন স্বজনেরা। তাঁদের অভিযোগ, পারিবারিক কলহের কারণে মাহমুদুল মানসিক চাপে ছিলেন।

তবে স্ত্রীর বিরুদ্ধে করা পরকীয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মাহমুদুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।