
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামে চুরির অভিযোগে নাতিকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে নবী হোসেন মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
ঘটনাটি রবিবার (২৬ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, চুরির অভিযোগ তুলে গ্রামের কয়েকজন ব্যক্তি নবী হোসেন মৃধার নাতিকে আটক করে মারধর করছিলেন।
এ সময় নাতিকে রক্ষা করতে এগিয়ে যায় নবী হোসেন মৃধা।
পরিবারের অভিযোগ, তিনি নাতিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়।
এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
নিহতের ভাতিজা জলিল মিয়া জানান, “আমার চাচার নাতিকে চুরির অভিযোগে কয়েকজন মারধর করছিল। চাচা তাকে বাঁচাতে গেলে তাকেও আঘাত করা হয়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
পরিবারের সদস্যরা নবী হোসেন মৃধাকে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. মৌসুমী আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে ইসিজি পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘটনার খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বর্তমানে নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাগলা থানা অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা।



