
প্রকাশিত
সুমন ইসলাম, ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই, ২০২৬) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর বিভাগের আট জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম, দলীয় শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতৃবৃন্দের পাশাপাশি রংপুর জেলা ও রংপুর মহানগর বিএনপির নেতারাও সাংগঠনিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে দলীয় কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
দলীয় সূত্র জানায়, বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে দেশের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।



