print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামে বিলের পানিতে ডুবে আরিয়ান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আরিয়ান কুরচাই গ্রামের আল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের বিলপাড়ে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল আরিয়ান। খেলার একপর্যায়ে তাদের ব্যবহৃত বলটি বিলের পানিতে পড়ে যায়। পরে বলটি আনতে গিয়ে অসাবধানতাবশত পানিতে নেমে তলিয়ে যায় সে।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় বিলের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে একপর্যায়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়; উদ্ধারকৃত অবস্থায় শিশুটির কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয় যুবক আল আমিন জানান, খেলতে খেলতেই শিশুটি পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে তুলে আনলেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যুতে আরিয়ানের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিবেশী ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।