print news || Dailydeshsomoy

​ প্রকাশিত

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় আশফাক উল্যা চৌধুরী অর্পণ (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত অর্পণ স্থানীয় সংবাদপত্রের এজেন্ট নিউজ কর্নারের মালিক ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জাফর উল্যা চৌধুরী পলাশের ছেলে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিনেমা হল রোডে ছুফিয়ান মিয়ার কোল্ড কর্ণারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
​এ ঘটনায় আহত অর্পণের বাবা সাংবাদিক জাফর উল্যা পলাশ বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত ব্যক্তিরা হলেন, বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল খায়েরের ছেলে আজাদ, আব্দুর রেজ্জাকের ছেলে সাকিব, মিলনের ছেলে মিরাজ, মো. হারুনের ছেলে শাহিন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্তরা সবাই কিশোর গ্যাং, মাদক সেবন, ব্যবসা ও নানা চুরি-অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের নানা ধরনের অত্যাচারে বসুরহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ইতিমধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অর্পণ সিনেমা হল রোড এলাকায় ছুফিয়ান মিয়ার কোল্ড কর্ণার থেকে নাস্তা করে বের হওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্য আজাদ, সাকিব, মিরাজ ও শাহীনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
​হামলাকারীদের মারধরে অর্পণের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। এছাড়া তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করার সময় লোহার রডের আঘাতে তার প্যান্টের পকেটে থাকা লক্ষাধিক টাকা মূল্যের আইফোন সম্পূর্ণ চুরমার হয়ে যায়।

​অভিযোগের বিষয়ে সাংবাদিক জাফর উল্যা পলাশ বলেন, “অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত। কোনো কারণ ছাড়াই তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। ঘটনাটি নিয়ে পরিবারসহ আমরা চরম আতঙ্কে আছি।”
​কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।