print news || Dailydeshsomoy

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে মোজাফফর হোসেনকে আটক করা হয়। পরে তার পরিচয়, মামলার নথি এবং আদালতের রায়ের তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই দণ্ডপ্রাপ্ত আসামির অবস্থান শনাক্তে বিভিন্ন সময়ে একাধিক প্রচেষ্টা চালানো হলেও তিনি গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে আটক করা সম্ভব হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে উচ্চ আদালতও ওই রায় বহাল রাখেন।

রায় কার্যকরের ধারাবাহিকতায় ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে কয়েকজন দণ্ডপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর (অব.) মো. মোজাফফর হোসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের রায় বাস্তবায়নের লক্ষ্যে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আটক হওয়ার মধ্য দিয়ে চার দশকেরও বেশি সময় ধরে আলোচিত এই মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।