
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন এবং নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় নয় হাজার টাকা।
অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট। জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আজ (১০ জুলাই) পাটগ্রাম এলাকায়।
অভিযান পরিচালনা করে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, পাটগ্রামের ‘নিউ পুষ্টি সুইটস’ নামক মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই অভিযানে, ‘জে আর হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামক খাবারে দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও তা সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির দায়ে আর্থিক জরিমানা আরোপ করা হয়। রেস্তোরাঁটির মালিকপক্ষ নিবন্ধন ও লাইসেন্সও দেখাতে পারেনি।
আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট পরিদর্শকগণ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। একই সাথে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক ও কঠোর নির্দেশনা প্রদান করা হয়।



