
প্রকাশিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে তিন মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলা যুবলীগ নেতা মাহবুবুল আলম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ জানায়, মাহবুবুল আলম আরিফের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-সহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। এছাড়া সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নানা সময় প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাহবুবুল আলম আরিফের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, আরিফ ডিস হেলাল নামে পরিচিত এক ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং এ বিষয়ে আদালতে কোনো রায়ের তথ্যও পাওয়া যায়নি।



