print news || Dailydeshsomoy

কবি মোহাম্মদ ফারুক

বাড়িটাকে আজ বিরাণভূমি মনে হয়
আমি প্রায়ই খান বাহাদুর ইসমাইল
রোডে হেঁটে হেঁটে বাড়িটাকে দেখি।

ইঁদুরের গর্ত দেখি শিয়ালের ডাক শুনি
বাতাসে শুকনো পাতার মর্মর ধ্বনি।

কোন মানুষ দেখিনা
বাড়ির প্রাচীর ঘিরে সাল তাল
নারকেল গাছের ঘন শাড়ি।

পাখির কূজন নেই বিষন্ন ছায়ার নিচে
নিরব বিভীষিকা।

ঐশ্বর্যে পদাঘাত করে চলে গেছো অভিমানী।

গৃহস্বামী চির বনবাসে
রাজা নেই বিরান রাজ্য আজ

বাতাসের গর্জনে ও আর্তনাদ শুনি
ওরা কই অন্তপুরের নিষিদ্ধ রমণী?

অযত্নে শুকিয়ে গেছে ফুলের কানন
ভ্রমরের কণ্ঠে নেই প্রেমের সংগীত।

শান্ত পুকুর জলে নীল পদ্ম।
উদ্যত মাথা তুলে নাচে জলঢোঁড়া।

শূন্য থালা হাতে নিয়ে ভিখারিনী।
কেঁদে কেঁদে করে অভিশাপ।