print news || Dailydeshsomoy

গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে গভীর রাতে এক গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাঁর স্বামীকে বেঁধে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১৬জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বুধবার সকালে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানায়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০ বছর বয়সী ওই গৃহবধূ স্বামী ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে তাঁর বাবার বাড়িতে বসবাস করতেন।

রাতের আঁধারে মুখোশধারী সাত থেকে আটজনের একটি দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূর স্বামীর হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে এবং তাকে মারধর করে।

পরে দুর্বৃত্তরা গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। প্রায় দুই ঘণ্টা পর অসুস্থ অবস্থায় তাকে বাড়ির কাছে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় গৃহবধূ ও তাঁর মাকে জিম্মি করে ঘরে থাকা প্রায় ৩০ হাজার টাকা নগদ অর্থ এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে তারা শনাক্ত করতে পেরেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।