print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার সরকারি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাহেদ আলী ফকির। তিনি সদর উপজেলার নিলক্ষী এলাকার হেমায়েত উদ্দিন ফকিরের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জমিতে বিনা অনুমতিতে অনধিকার প্রবেশ এবং বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এবং দণ্ডবিধির ৪৪৭ ও ১৮৮ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি সাহেদ আলী ফকিরকে ৬ জুন পুলিশ গ্রেপ্তার করে।

গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ এক বার্তায় বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি জমি দখল, অবৈধভাবে মাটি কাটা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “সরকারি জমিতে অনধিকার প্রবেশ, মাটি কেটে নেওয়া কিংবা অন্য কোনো ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৬ জুন দায়ের করা মামলার একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।”

সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, “ভূমিদস্যু, মাটি খেকো ও বালু চোরদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সরকারি সম্পদে অবৈধ হস্তক্ষেপকারীদের জেল-জরিমানাসহ প্রচলিত আইনের আওতায় আনা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি জমি দখল, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।