print news || Dailydeshsomoy

প্রকাশিত

আইনাল ইসলাম।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন নাব্যতা হারিয়ে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির সংকট দেখা দিচ্ছিল। পুনঃখনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।

জানা যায়, প্রায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খালটি খনন করেছিলেন।

খাল পুনঃখননের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে তিনি নজরুলের সাম্য, মানবতা ও সংস্কৃতিচর্চার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ত্রিশালজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।পাশাপাশি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।