
প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহ ভিটার জঙ্গলসংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় এক কিশোর গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছাই রঙের প্যান্ট ছিল। দুই হাত দড়ি দিয়ে গাছের সঙ্গে বাঁধা ছিল এবং বাম হাতে একটি ঘড়ি পাওয়া যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা চমক ফকির বলেন, “ঘটনাটি খুবই বিভৎস। দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জায়গাটি জঙ্গলঘেরা ও নির্জন হওয়ায় অপরাধীরা এটি বেছে নিতে পারে।”
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়,
তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হত্যার কারণ উদঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।



