print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

সারাদেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “ভূমিসেবা মেলা ২০২৬”।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে উপজেলা ভূমি কার্যালয়ের কাচারি সভাকক্ষে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলা ভূমি কার্যালয়ের সভাকক্ষে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান (বাচ্চু)।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি,
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় এনে জনগণের হয়রানি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
মেলায় আগত সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে ধারণা নিতে পারছেন। একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণের সুযোগ রাখা হয়েছে। মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে হাতে-কলমে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।
এছাড়াও ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে পরামর্শ সেবা, অনলাইন আবেদন পদ্ধতি এবং ভূমি আইন বিষয়ে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হচ্ছে। ফলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিন দিনব্যাপী আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য আখতারুজ্জামান (বাচ্চু)। এ সময় তিনি ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে গফরগাঁওয়ের এই ভূমিসেবা মেলা প্রাণবন্ত ও সেবামুখী এক অনন্য আয়োজনে পরিণত হয়েছে।