
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতি বার (৭ মে) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টা ১০ মিনিটে রেড ক্রিসেন্ট কার্যালয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। শুরুতে রেড ক্রিসেন্টের সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। পরে কেক কাটা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিশ্বজুড়ে মানবিক সংকট ও দুর্যোগ মোকাবিলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবিক বিপর্যয়ের সময় আহতদের উদ্ধার, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা অনন্য অবদান রাখেন। যুদ্ধ কিংবা দুর্যোগের সময় যখন মানুষ নিরাপদ আশ্রয় খোঁজে, তখন রেড ক্রিসেন্টের সদস্যরা খাদ্য, রক্ত ও ওষুধ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ এখন তরুণদের দেশ। মানবিক কার্যক্রমে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে, যাতে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়।
এবারের আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য ছিল— “ইউনাইটেড হিউম্যানিটি”।
সকাল ১০টা ৩৫ মিনিটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



