print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় একটি বসতবাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গাজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে এই চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারটি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার সম্পদ হারিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী গৃহবধূ মোসা. লাকি বেগম জানান, গত ২৭ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ২৮ এপ্রিল রাত ১টা ৩০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার রাতে লাকি বেগম ও তার মেয়ে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার মেয়ে হঠাৎ জেগে দেখেন ঘরের ভেতর কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করছে। এসময় চোর চক্রের সদস্যরা মেয়েটিকে ভয়ভীতি প্রদর্শন করে চুপ থাকতে বাধ্য করে এবং দ্রুত মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মেয়ের ডাকচিৎকারে পরিবারের সদস্যরা জেগে উঠে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। লাকি বেগমের দাবি অনুযায়ী, চোরেরা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের ঝুমকা, ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের রুলি এবং নগদ ২৪ হাজার টাকা নিয়ে গেছে। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ১৪ হাজার টাকা।

ভুক্তভোগী পরিবারটি আরও অভিযোগ করেন যে, চুরির ঘটনার মাত্র কয়েকদিন আগে গত ২৫ এপ্রিল রাতে তাদের বাড়ির সামনের রাস্তার পাশে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছ ভাঙচুর করা হয়েছিল। একের পর এক এমন ঘটনায় পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।