
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চরম নাভিশ্বাস উঠেছে ভুক্তভোগীদের। পর্যাপ্ত জনবল না থাকায় দুটি কাউন্টারের মধ্যে একটি সচল থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসে গ্রাহকদের বিল গ্রহণের জন্য দুইটি কাউন্টার নির্ধারিত থাকলেও বর্তমানে মাত্র একটি কাউন্টার দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত জনবল না থাকায় বাধ্য হয়ে একটি কাউন্টার দিয়েই বিল গ্রহণ করতে হচ্ছে।
এদিকে, বৈশাখের প্রচণ্ড তাপদাহের মধ্যে শত শত গ্রাহককে দাড়িয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে বয়স্ক ও নারীসহ অনেক গ্রাহক অসুস্থ হয়ে পড়ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বিল জমা দেওয়ার মতো একটি সাধারণ কাজে পুরো দিন ব্যয় করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক।
ভুক্তভোগী এক গ্রাহক জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সিরিয়াল এগোচ্ছে না। জনবল কম থাকায় একটি কাউন্টারে কাজ হচ্ছে, যা এই বিশাল সংখ্যক গ্রাহকের জন্য যথেষ্ট নয়। গরমে অনেকেই অসুস্থ বোধ করছেন।”
এলাকার সচেতন মহল ও ভুক্তভোগীরা জনভোগান্তি লাঘবে দ্রুত জনবল নিয়োগ বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে বন্ধ থাকা দ্বিতীয় কাউন্টারটি সচল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।



