গলাচিপায় পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৯, ১১:৪৬ অপরাহ্ন /
গলাচিপায় পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন বাজার ও খুচরা দোকানগুলোতে মিলছে না পেট্রোল, অকটেন ও ডিজেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিক ও সেচ কাজে নিয়োজিত কৃষকরা।

সরেজমিনে গলাচিপার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ জ্বালানি তেলের দোকান বন্ধ। দুই-একটি দোকানে সামান্য পরিমাণ তেল থাকলেও তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ডিপো থেকে চাহিদামতো সরবরাহ না পাওয়ায় তারা সাধারণ গ্রাহকদের তেল দিতে পারছেন না।

রেশন করে তেল বিক্রি: বর্তমানে যে অল্প সংখ্যক দোকানে তেল পাওয়া যাচ্ছে, সেখানেও আরোপ করা হয়েছে কড়া বিধিনিষেধ। কোনো গ্রাহককেই এক লিটারের বেশি তেল দিচ্ছে না দোকানীরা।

বিক্রেতাদের দাবি, সবার মাঝে সামান্য করে তেল পৌঁছে দিতেই তারা এই ‘রেশনিং’ ব্যবস্থা বেছে নিয়েছেন। এক লিটারের বেশি তেল চাইলে অনেক ক্ষেত্রে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন ক্রেতা-বিক্রেতারা।

তেলের অভাবে অনেক মোটরসাইকেল ও থ্রি-হুইলার চালক তাদের যান চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এতে যাতায়াতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।
বর্তমানে বোরো মৌসুম চলায় ডিজেলে চালিত পাম্পগুলোর জন্য তেল অপরিহার্য। সময়মতো ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে ফসলের মাঠের সেচ কাজ, যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বেশি দামে তেল বিক্রি করছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, দ্রুত এই সংকট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তেল সরবরাহ কেন বন্ধ রয়েছে এবং কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নিয়মিত বাজার মনিটরিং করার জোর দাবি জানিয়েছেন।