print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলামঃ।

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সালটিয়া বাজার এলাকায় অবৈধভাবে দখলকৃত খাস জমি উচ্ছেদ করে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বাজারের উন্মুক্ত স্থানে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে গফরগাঁও উপজেলার ষোলহাসিয়া মৌজায় অবস্থিত সালটিয়া বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

অভিযান চলাকালে পৌরসভার বাজারের উন্মুক্ত খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা এবং বাজারসংলগ্ন দোকানগুলোর অবৈধভাবে বাজারমুখী সম্প্রসারণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে দখলে থাকা এসব স্থাপনা অপসারণের ফলে পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ২৫ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার করা জমি এখন থেকে জনসাধারণ ও ব্যবসায়ীরা হাট-বাজারের কাজে ব্যবহার করতে পারবেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উচ্ছেদ অভিযানে গফরগাঁও থানা পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।