print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর ঘোষণা দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দৃশ্যমান ও কার্যকর পরিবর্তন আনা হবে। এর অংশ হিসেবে গাইনি ও সার্জারি বিভাগে ২৪ ঘণ্টা অপারেশন ব্যবস্থা চালু করা হবে এবং দীর্ঘদিনের জনবল সংকট দ্রুত নিরসন করা হবে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল–এর সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এমপি ডা. বাবর বলেন, “বর্তমানে হাসপাতালের অনুমোদিত ৫৫ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৮ জন। এই ভয়াবহ ঘাটতি কাটিয়ে উঠতে শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল বাড়লেই সেবার মানও বাড়বে।”
তিনি আরও বলেন, দালালমুক্ত, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব হাসপাতাল গড়ে তোলা হবে। জরুরি চিকিৎসার জন্য যাতে গোপালগঞ্জের মানুষকে আর ঢাকা বা খুলনার দিকে ছুটতে না হয়, সে লক্ষ্যেই আধুনিক চিকিৎসা ও অপারেশন সুবিধা জোরদার করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের পরিচালক ডা. নিয়াজ আহাম্মেদ, অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জিবিতেষ বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের প্রধান ও চিকিৎসকরা।
সভা শেষে এমপি ডা. কে এম বাবর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং সরাসরি তাদের চিকিৎসা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করার নির্দেশ দেন।
স্থানীয়দের প্রত্যাশা, এমপি ডা. বাবরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গোপালগঞ্জের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে এবং জেলার মানুষ ঘরেই পাবে মানসম্মত চিকিৎসাসেবা।