print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৮,ডিসেম্বর

সালমান রহমান
জাজিরা(শরীয়তপুর)প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ইউপি সদস্যের ছেলে আলোচিত জসিম মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জলিল শিকদারকে (৪০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পাশ্ববর্তী জেলা মাদারীপুরের শিবচর এলাকা থেকে র্র্যাব-৮ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে জাজিরা থানা পুলিশ। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রধান আসামি জলিল শিকদার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের মুন্সিকান্দী গ্রামের বাসিন্দা।

নিহত জসিম মোল্লা (৩৫) উপজেলার সেনেরচর ইউনিয়নের মোল্লাকান্দী গ্রামের বাসিন্দা আইয়ুব মোল্লার ছেলে।

গত ১৫ আগস্ট দিনে দুপুরে উপজেলার বি.কে.নগর ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জসিম মোল্লাকে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জসিমের বাবা আইয়ুব আলী মোল্লা বাদী হয়ে জলিল শিকদারকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন প্রধান আসামি জলিল শিকদার। ৩ মাস ২১ দিন পর তাকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। বাকি আসামীরা পলাতক রয়েছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, আলোচিত জসিম হত্যা মামলার প্রধান আসামি জলিল শিকদারকে আটকের পর আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে। মামলার তদন্ত চলছে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’