
প্রকাশিত,০১, ডিসেম্বর,২০২৩
মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিল করুন: ডাঃ ইরান
প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবী জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে দেশকে রক্তাক্ত সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তফসিল বাতিলের দাবীতে হরতাল কর্মসূচী সমর্থনে ঢাকা মহানগর লেবার পার্টির বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হওয়ার নজির নাই। শেখ হাসিনা ২০১৪ ও ২০১৮ সালের একতরফা নির্বাচন করে গণতন্ত্রের কবর রচনা করেছেন। তাই বাংলাদেশের কোন দেশপ্রেমিক রাজনৈতিকদল ও ব্যাক্তি হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তা কেউ বিশ্বাস করে না।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সমূহকে বাইরে রেখে শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশন আরেক দফা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সিঁড়ি হিসাবে কাজ করছে। অন্যদিকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই দেশের লাখ লাখ মুক্তিকামী জনতা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। তাই অবিলম্বে তামাসার নির্বাচনের তফসিল স্থগিত করে সকল দলের অংশ গ্রহনের মাধ্যমে জবাবদিহির সরকার ও জনপ্রতিনিধি নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও সুশিল সমাজকে উদ্যোগী হতে হবে।
নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, এডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মোহাম্মদ রুম্মান সিকদার, মুফতি তরিকুল ইসলাম সাদী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারীনেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মোঃ রাসেল হোসেন, নগর সদস্য ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন প্রমুখ।
নয়াপল্টন মসজিদ গলি হতে শুরু হয়ে বিএনপি কার্যালয়, নাইটিংগেল মোড়, বিজয়নগর পানির টেংকি, পল্টন মোড়, তোপখানা রোড, সচিবালয়, প্রেসক্লাব, বায়তুল মোকাররম হয়ে ফটো জার্নালিস্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।


