ডোনাল্ড লু’র চিঠি নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন কাদের


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১১-১৫, ৪:৫৬ অপরাহ্ন /
ডোনাল্ড লু’র চিঠি নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন কাদের
print news || Dailydeshsomoy

শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির বিষয়ে দলীয়প্রধান শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন।

কাদের বলেন, ডোনাল্ড লু আমাকে একটি চিঠি লিখেছেন। চিঠি যুক্তরাষ্ট্রের ঢাকার যিনি রাষ্ট্রদূত, আমার কাছে পৌঁছানোর জন্য নিয়ে এসেছেন। শুনেছি যে এ রকম দুটি চিঠি আরও দুটি দলের কাছে (পাঠিয়েছে)। বিএনপি আর একটা জাতীয় পার্টি। এই চিঠির বিষয়বস্তু নিয়ে আমার পার্টির প্রেসিডেন্ট এবং পার্টির সহকর্মীদের সঙ্গে, নির্বাহী কমিটির আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করা দরকার। কারণ, আমার পার্টির চিন্তাভাবনার দৃষ্টিকোণ থেকেই আমরা চিঠি নিয়ে জবাব দেব। টাইম ইজ টু শর্ট। এখন এনি টাইম এনি ডে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তারিখ ঘোষণার সময়টা দূরে নয়, এমনটাই আমরা শুনতে পাচ্ছি।
এমতা অবস্থায় আমাদের মত দেশে ডায়লগ (সংলাপ) যদি করতে হয়, ডায়লগ তো আর কাউকে বাদ দিয়ে করা যাবে না। ডায়লগ তো এমন না যে শুধু দুটি দলের সঙ্গেই করতে হবে বা কয়েকটি দলের সঙ্গে ডায়লগ করলে হবে। সেটা শতাধিক দলের সঙ্গে (করতে হবে)। তো এ সময়ে কখন ডায়লগ হবে, কখন এ ইলেকশনের প্রক্রিয়া চলবে সেটা একটা বিষয়।’

তিনি বলেন, আর একটা বিষয় হচ্ছে ডায়লগের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা, আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা আগেও বলেছিলাম শর্তযুক্ত কোনো ডায়লগের বিষয় চিন্তাভাবনা করছি না। তারা তাদের যে এক দফা এই বিষয়গুলো প্রত্যাহার করুক- তারপর আমরা চিন্তাভাবনা করে দেখবো। সেটা অনেক আগের কথা। সে সময় পেরিয়ে গেছে। এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কাজেই সিদ্ধান্ত গ্রহণেও সময়টা একটা বিরাট ফ্যাক্টর।
আপনাকে যে চিঠিটি দিয়েছে এটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আলাপ করবেন এবং এই চিঠির বিষয়বস্তু কি গণমাধ্যমকে বলা যায়- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন চিঠিটি লিখেছে আমার কাছে। আমি তো দলের সাধারণ সম্পাদক, এ হিসেবেই দিয়েছে। যে চিঠিটা আমার কাছে দিয়েছে পার্টির ব্যাপারে তাদের মতামত জানার জন্য, সে বিষয়টি আমি পার্টিতে আলাপ করার আগে কি করে সাংবাদিকদের বলবো? এটা কি ঠিক হবে?’
চিঠিটি আপনি পড়েছেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এক পৃষ্ঠার চিঠি, আমি দেখেছি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আলাপ করবেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘পারলে আজকেই আলাপ করবো।’