print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৭-১২-২০২০
ডেস্কঃ

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এখন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত কিছুদিন থেকে হালকা জ্বর ছিল, সর্দি-কাশিও ছিল।সাধারণ সর্দি-জ্বর ভেবে তিনি সময় নিচ্ছিলেন। বাসায় আইসোলেশনে থাকলেও খারাপ লাগা বাড়তে থাকলে নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।। এরপরে দুর্বলতা একটু বাড়লে বিকেলের দিকে হাসপাতালে ভর্তি হন।

মেডিসিন বিশেষজ্ঞ ও একুশে পদকপ্রাপ্ত এই অধ্যাপক তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন, এখন তিনি ভালো আছেন। শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিলতা নেই। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান অধ্যাপক ডা. আবদুল্লাহ।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জাতীয়ভাবে এই মহামারি মোকাবিলার জন্য তিনি গঠনমূলক নানা পরামর্শ দিয়ে আসছেন। করোনায় আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের মুঠোফোনেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছেন এই অধ্যাপক।

প্রতিবেদক : ডা. মোঃ সাইফুল আলম