
প্রকাশিত,২৩, জুলাই,২০২৩
মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশটি গত ২০ জুলাই বিএনপি নেতা আব্দুস সালামকে প্রেরন করা হয়। আব্দুস সালাম নোটিশটি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে সহ দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুলাই কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি শুরু হবার প্রাক্কালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় আপনার (আব্দুস সালামকে) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না এবিষয়ে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব প্রদান করতে নির্শ ক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বলেন, বিএনপি আয়োজিত পদযাত্রা কর্সূচি শুরু হবার প্রক্কালে আমাকে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক ডেকে তাদের ব্যানারের পাশে দাড়াতে বলেন। আমি ব্যানারের পাশে দাঁড়ানো মাত্র জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান আমাকে বলেন তুই এই ব্যানারের সামনে কেন, তুই সরে দাঁড়া। তখন আমি বলি আমি তো জেলা বিএনপির নেতা সেই হিসেবে যে কোন ব্যানারের সামনে দাঁড়াতে পারি। এই কথা বলার সাথে সাথে হাসান ভাই আমার চোখ মুখে খুব জোরে থাপ্পর মারে। এতে আমার ১ হাজার ৮শ টাকা মূল্যের চশমা ভেঙ্গে ফেলে এবং মাথার টুপি ফেলে দেয়। আমি তখন আত্নরক্ষার চেষ্টা করেছি মাত্র।


