
প্রকাশিত০৯-১২-২০২০
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
গভীর রাত, কনকনে ঠান্ডা, হিমেল, ঘন কুয়াশা এই অবস্থায় শতবর্ষী এক বৃদ্ধাকে ছালার বস্তার মধ্যে ভরে রাস্তায় ফেলে যায় পরিবারের লোকজন।
সারা রাত ওভাবেই পরে থাকেন বৃদ্ধা মা। সকালবেলা পথচারীদের নজরে আসলে পথচারীরা পুলিশকে খবর দেয়, পরে পুলিশ গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। ৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে পুলিশ বৃদ্ধার, ছেলে ও নাতি জামাইকে আটক করেছে। শতবর্ষী বৃদ্ধার নাম হাসিনা বেগম (১০৫)।
পৌর শহরের ৪ নং ওয়ার্ডের জন্মেজয় এলাকায় থাকেন বৃদ্ধা হাসিনা বেগম। স্বামী আব্দুল খালেক মারা গেছেন ৩০ বছর আগে। একমাত্র মেয়ে জোসনাও মারা গেছেন বেশ ক’বছর হলো। নিজের ছেলে সাহিদ ও দুই সৎ ছেলে দুলাল (৬২), জালাল (৫৯) ও তাদের ছেলেমেয়ে ও বৃদ্ধার মেয়ে জোসনার ছেলে মেয়েরা নিজ নিজ সংসারে ভালোই আছে। কিন্তু তাদের কারও সংসারে শতবর্ষী বৃদ্ধার ঠাই হয়নি।
জানা যায় বছর কয়েক আগে বৃদ্ধা মায়ের জমিটুকু তারা লিখে নিয়েছে, দুলাল,ও জালাল,
বর্তমান বসবাসরত ছেলেরা বৃদ্ধাকে খেতে-পরতে দিতে চায় না।
তার জীবিত কোনো সন্তান কিংবা সন্তানদের ছেলে-মেয়েরা।
তাই কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার মধ্যে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাড়ি থেকে দেড় কিলোমিটার দুরে গফরগাঁও-ভালুকা সড়কের ষোলহাসিয়া এলাকায় তিতাস গ্যাস অফিস সংলগ্ন একটি দোকানের সামনে হাসিনা বেগমকে ফেলে রেখে যায়।
বুধবার ভোরে একটি ছালার ভিতরে সারা শরীর ও বাইরে মুখ বের করা অবস্থায় হাসিনা বেগমকে দেখতে পায় পথচারীরা। পথচারীরা দেখতে পেয়ে তারা গফরগাঁও থানা পুলিশকে খবর দিলে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, বৃদ্ধাকে স্যালাইন দেওয়া হচ্ছে। তার দু’চোখ বেয়ে অশ্রু নেমে এসেছে। তিনি কি যেন বলতে চাইছেন। কিন্তু শতবর্ষী বৃদ্ধার ক্ষীণ কণ্ঠে তা বোঝা যাচ্ছে না।
পুলিশ বৃদ্ধার সৎ ছেলে দুলাল (৬২) ও দুলালের মেয়ের জামাই আনোয়ার হোসেনকে (৪০) আটক করে থানায় নিয়ে আসে। বৃদ্ধার ছেলে সাহিদ ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামে বাস করে।
স্থানীয়রা জানায়, ৩০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে সংসারের হাল ধরে রেখেছিলেন হাসিনা বেগম। এখন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। চলাফেরাও করতে পারেন না তিনি। ছেলে ও পরিবারের লোকজনের কাছে হয়ত বোঝা হয়ে গেছেন তিনি।
গফরগাঁও থানার ওসি অনূকুল সরকার বলেন, এখন বৃদ্ধাকে তার ছেলেদের কাছে কিংবা নাতিদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। বৃদ্ধার যাতে কোন অযত্ন না হয় সেজন্য থানা পুলিশ তদারকি করবে
রচনায়ঃ আয়নাল ইসলাম


