
প্রকাশিত,৩০, মার্চ,২০২৩৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় মনিন্দ্র নাথ মিস্ত্রি (৭৭) নামে এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে প্রতিবেশী অবনী রঞ্জর মিস্ত্রির একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে তার পরিবার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল খেকে মনিন্দ্রর লাশ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসে। নিহত মনিন্দ্র নাথ পেশায় সুন্দরবনের কাঁকড়া আহরণকারী ছিল বলে জানা গেছে।
নিহতের ছেলে ঝন্টু মিস্ত্রি জানান, মনিন্দ্র নাথ বেশ কয়েকদিন আগে উপজেলার বানিয়াখালী গ্রামে তার মেয়ে হাসি রাণীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বুধবার বিকেলে বাড়িতে আসার কথা বলে বের হন। কিন্তু তিনি বাড়িতে আসেননি। সকাল ৭টার দিকে প্রতিবেশি অবনী রঞ্জর মিস্ত্রি তার বাড়ির পুকুর পাড়ের একটি মেহগনি গাছে তাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে আসে এব্ং তার বাড়ির লোকজনকে খবর দেয়। পরে তার বাড়ীর লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে নামিয়ে আনেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। ততক্ষণে মনিন্দ্রনাথ মৃত্যুবরণ করেছে বলে তার ছেলে জানায়। তবে কি কারণে তার বাবা আত্মহত্যা করেছেন তা সঠিক বলতে পারছেন না ছেলে ঝন্টু। এলাকাবাসি এ ব্যাপারে কোনো সঠিক তথ্য দিতে পারেনি।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, ঘটনা শুনে উপ-পরিদর্শক আলী রেজাকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তে আত্মহত্যা কিনা জানা যাবে তবে এ ব্যাপারে তদন্ত চলছে।
নুরুল হাসান
শরণখোলা, বাগেরহাট
তারিখ- ৩০.০৩.২০২৩


