print news || Dailydeshsomoy

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০,

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক সাংসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আবুল হাশেম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে পড়ে আছেন। একসময়কার দাপুটে এ নেতার জীবন এখন হুইল চেয়ার নির্ভর।
এই ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য এক লাখ টাকা দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শনিবার দুপুরে উপজেলার গফরগাঁও গ্রামে তার বাড়িতে গিয়ে রাষ্ট্রপতির ভাই বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হাই এই টাকার চেক সাবেক অসুস্থ এমপির কাছে তুলে দেন।
এসময় অধ্যক্ষ আব্দুল হাই জানান, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের এক সময়ের সিনিয়র রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন সাবেক এমপি আবুল হাশেম। নিয়মিত তার খোঁজ রাখেন রাষ্ট্রপতি। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির তহবিলি হতে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলাম জানান, এ এক লাখ টাকা অনুদানের পরও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য এক মাসের সম্মনী ভাতা প্রাক্তণ এমপি, আবুল হাশেমের চিকিৎসা সেবার জন্য অনুদান হিসেবে হস্তান্তর করেছেন।

৯৩ বছর বয়সী আবুল হাশেম গফরগাঁও থেকে ১৯৭০ ও ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বার্ধক্যের কারণে এখন তার শ্রবণ ও দৃষ্টি শক্তি লোপ পেয়েছে। এখন সময় কাটে টেলিভিশন দেখে আর নাতনির পাঠ করা দৈনিক পত্রিকার সংবাদ শুনে। অনুদান পেয়ে রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া তিনি দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন।

অনুদান প্রদানকালে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ-পরিচালক গালিব খান, জনতা ব্যাংক ময়মনসিংহের ডিজিএম কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উজ জামান প্রমুখ।