print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, জানুয়ারি,২০২৩

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুরের নিশ্চিন্তপুর গ্রাম এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক সোমবার (৯ জানুয়ারি)দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

এসময় চোরের কাছে থাকা ছুরির আঘাতে দুইজন আহত হয়েছে। নিহত বকুল মিয়া (৩৫), নাটোরের সিঙ্গার উপজেলার কদমা গ্রামেরর মোহাম্মদ আলীর ছেলে।

আহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকার রফিজ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৫)। তিনি একজন ‘স’ মিলের ব্যবসায়ী। অপরজন কুড়িগ্রামের সদর থানার ডাকবাংলা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে লিটন মিয়া (২৮)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মিজু মিয়া নামের এক কৃষকের বাড়িতে কয়েক চোর গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় বকুল মিয়া নামের এক চোরকে আটক করে এলাকাবাসী।
অন্যরা পালিয়ে যায়, এসময়ে চোরের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে হোসেল রানা ও লিটন মিয়া নামের দুই ব্যবসায়ি আহত হন। পরে ক্ষুদ্ধ এলাকাবাসী বকুল মিয়াকে গনপিটুনি দেয়।
খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা পুলিশ তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়। আহত দুইজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।