
প্রকাশিত,১৫, ডিসেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় বুধবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১টি রামদা, ২টি চাপাতি, ৩ টি বড় ছুরি, ২টি ছোট ছুরি জব্দ করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী সাহারা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর শুভ (২২), বরিশালের জাকারিয়া হাসান বসুরী (২২), গাজীপুরের মোঃ মেহেদী হাসান জনি (২৮), নবীন ইসলাম সোহেল ওরফে সুরুজ (২১), ও মোঃ শফিকুল ইসলাম ওরফে ফয়সাল (৩০), জামালপুরের রমজান (১৯), ময়মনসিংহের মোঃ রায়হানুল ইসলাম রিয়াদ (২৬), শুভ (১৯) এবং শেরপুরের শামীম (৩০), রাজবাড়ীর তুহিন (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানান, তারা দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন রোড হতে নতুন বাজারসহ টঙ্গী বাজারগামী ময়মনসিংহ- ঢাকা মহাসড়কে পথচারী/লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনাইয়া নিয়ে যেত। এব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি জানায়, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।


