
প্রকাশিত,০৮, অক্টোবর,২০২২
আসাদুল ইসলাম, গাইবান্ধঃ
জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় আপন চাচা সুমন মিয়াসহ অ্যাসিড নিক্ষেপকারীদের বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পৌরশহরের বাহিরগোলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী এনামুল হক বিজয়, নাহিদ হাসান শান্ত, হাবিবুর রহমান, ফুয়াদ হাসান, হাসিবুর রহমান, আল আমিন ইসলাম, অ্যাসিডে দগ্ধ শিক্ষার্থী তনু মন্ডল প্রমূখ।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখা, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খন্দকার মাইদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া, সংগঠক নুর আলম প্রমূখ।
এসময় বক্তাগন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী আসাদ মন্ডল ও সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তনু মন্ডলের উপর অ্যাসিড নিক্ষেপের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেফতার করছেনা। এতে দগ্ধ মেধাবী শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অ্যাসিড নিক্ষেপকারী আপন চাচা সুমন মিয়াসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আসাদ ও তনু নামে দুইভাইকে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। দগ্ধ আসাদ মন্ডল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ও তনু মন্ডল সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা একই গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে। পরে দুইভাইকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে রাশেদুল ইসলাম ওরফে সুমন মন্ডলসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন দগ্ধ শিক্ষার্থীদের মা আনোয়ারা বেগম।


