
প্রকাশিত,৩০, সেপ্টেম্বর,২০২২
গাজীপুর প্রতিনিধ ঃ
গাজীপুরের শ্রীপুরে লিচুগাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির (আনুমানিক ৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে কোনো গাড়ি থেকে ফেলে চাপা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের জনৈক ইসমাইল হোসেনের লিচুবাগান থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয়সহ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থা কাজ করছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ি থেকে মাটিতে ফেলে দিয়ে প্রথমে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় নির্জন লিচুবাগানের ভেতর নিয়ে হত্যাকরীরা তাঁর মৃত্যু নিশ্চিত করে গাছে ঝুলন্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


