print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, আগষ্ট,২০২২

ময়মনসিংহ প্রতিনিধ ঃ

ডিবি পুলিশ পরিচয়ে সড়কে ট্রাক আটকিয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল লুটের ঘটনায় ৪ ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত চারটি টর্চ লাইট, ১০টি মোবাইল ফোন, মোটরসাইকেল, চেক ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার খিলগাঁও এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (২৫), সবুজবাগ এলাকার ইলিয়াস আলীর ছেলে আজগর আলী (২০), একই এলাকার ইমান আলীর ছেলে মো. শাকিব (২০), বরগুনার সদর উপজেলার মৃত ইউনুস আলীর ছেলে মো. আব্দুল খালেক (৪০)।

২৮ আগস্ট ২০২২ ইং রবিবার রাতে ফুলপুর থানা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৬ আগস্ট) রাতে ঢাকার খিলগাঁও, সবুজবাগ ও কদমতলী থানা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে ফুলপুর থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানাগেছে,গত ১৫ আগস্ট ২০২২ ইং রাতে নারায়ণগঞ্জ থেকে ১১ হাজার ১৬০ লিটার অর্থ্যাৎ ৬০ ড্রাম তেল ক্রয় করেন গাজীপুরের শ্রীপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মুজাহিদ হৃদয়। ওইদিন রাতেই তেল ট্রাকে লোড করে গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দিলে ট্রাকটি রূপগঞ্জ এলাকায় আসতেই একটি প্রাইভেটকার ট্রাকের পথরোধ করে। চালক গাড়ি থামালে ডিবি পরিচয়ে ট্রাকে ওঠে ৬/৭ জনের ডাকাতদল। তারা চালক, ম্যানেজার ও সহকারীর চোখ, মুখ বেঁধে প্রাইভেকারের পেছনে রাখেন এবং ৬০ ড্রাম তেলসহ ট্রাক দিয়ে চলে যান।

পরের দিন ১৬ আগস্ট ২০২২ ইং রাতে ফুলপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকার শাহজাহান সাজুর দোকান থেকে ৪৪ ড্রাম তেল উদ্ধার করে।

এ ঘটনার পর গত ২০ আগস্ট ২০২২ ইং তেলের মালিক আব্দুল্লাহ আল মুজাহিদ বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জেলার হালুয়াঘাট থেকে বাকি ১৬ ড্রাম তেল উদ্ধার করে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।