
প্রকাশিত,১৩, আগষ্ট,২০২২
মাহমুদ, ইবি প্রতিনিধিঃ
গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ৯৬ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শনিবার (১৩ আগস্ট) বেলা ১২ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিট সমন্বয়কারী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, আই আই ই আর ভবন, ব্যবসায় প্রশাসন ভবন, মীর মশাররফ হোসেন ভবন এবং ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ইবি কেন্দ্রে আবেদন করেন ৭ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষায় প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ‘বি’ ইউনিট সমন্বয়ক ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রাশিদুজ্জামান।
ভর্তি পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানসহ অন্যান্যরা।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুন্দরভাবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোও যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।


