
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে কাজ শেষ হওয়ার আগেই খুলে দেয়া হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর নির্মিত নাওজোড় ও সফিপুর ফ্লাইওভার। সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোর এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর নির্মিত ফ্লাইওভার দুটি খুলে দেয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এডিবির অর্থায়নে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্পের আওতায় ফ্লাইওভার দুটি নির্মিত হচ্ছে। ১০৫ কোটি টাকা ব্যয়ে ১২৬৯ মিটার দৈর্ঘ্যের সফিপুর ফ্লাইওভার নির্মিত হচ্ছে। এছাড়া ৯৮ কোটি টাকা ব্যয়ে ৮১৫ মিটার দৈর্ঘ্যের নাওজোড় ফ্লাইওভারের কাজ চলছে। তবে ঈদে যানজট ও ঘরমুখো মানুষের দুর্ভোগ কিছুটা কমাতেই ফ্লাইওভার দুটি খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে শিল্প অঞ্চল গাজীপুর জেলায় ঈদের সময় যে যানজট ও ভোগান্তি হয় তা অনেকটাই কমে যাবে।
ফ্লাইওভারের প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপ-ব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন ও সহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামান জানান, সফিপুর ও নাওজোড় ফ্লাইওভারের কাজ এখনো শেষ হয়নি। গাডার ও স্লাপের কাজ শেষ হয়েছে। ঈদে যেন ঘরমুখো মানুষকে ভোগান্তি পড়তে না হয় এজন্য ফ্লাইওভার দুটি খুলে দেওয়া হয়েছে।
সালনা কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ও সফিপুর গুরুত্বপূর্ণ দুটি ফ্লাইওভার খুলে দেওয়ায় ঈদে নির্বিঘ্নে উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ভোগান্তি অনেকটাই কমে যাবে।