
প্রকাশিত,১৫, ফেব্রুয়ারি,২০২২
বগুড়া প্রতিনিধি ঃ
বগুড়ায় মিরাজ আলী (১৮) নামের যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার শহরের এডওয়ার্ড পার্কের ভেতর বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে দুর্বত্তরা ছুরিকাঘাতে হত্যা করে। ওই সময় মোহাম্মাদ নাজমুল নামের অপর এক যুবক ছুরিকাহত হন। তিনি মিরাজের বন্ধু বলে পুলিশ জানিয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ। নিহত মিরাজ শহরের বৃন্দাবনপাড়া এলাকার আব্দুর রহমানে ছেলে।
নিহতের ভাই আতাউর রহমান জানান, শহরের বাদুরতলা এলাকার এক মেয়ের সাথে প্রায় এক বছরের সম্পর্ক ছিল মিরাজের। একপর্যায়ে মেয়েটি মিরাজের সাথে সম্পর্ক ভেঙে গাবতলী উপজেলার এক ছেলের সাথে সম্পর্ক গড়ে তোলে। তারপর থেকে সেই ছেলেটি ফেসবুক ও মুঠোফোনে বারবার মিরাজকে হুমকি দিয়ে আসছি।
তিনি জানান, যে মেয়েটির সাথে মিরাজের সম্পর্ক ছিল তার নতুন প্রেমিক ঘটনাটি মীমাংসার জন্য তাকে পার্কে ডেকেছিল। নাজমুল ও মিরাজ সেখানে মীমাংসার জন্য গেলে অতর্কিক ভাবে তাদের ওপর হামলা করা হয়। গুরুতর আহত দু’জনকে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মিরাজের লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আটক করতে ঘটনার পর থেকেই অভিযান শুরু হয়েছে।


