
প্রকাশিত,২৬, জানুয়ারি,২০২২
শামীম তালুকদারঃ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)।
২৫ জানুয়ারি (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে প্রকাশ, এদিন ভোর রাত ৫ টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারমারী বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম জাকারিয়া, পি এস সি এর নেতৃত্বে ১১ সদস্যের একটি টহল দল কতৃক দায়িত্বপূর্ণ মেইন পিলার ১১৬২ হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে বারমারী নামক স্হানে ফাঁদ পেতে থাকে। এ সময় ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেন্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় বেনারসি শাড়ি ১৮০ পিস এবং কাতান শাড়ী ১৯৯ পিস জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য ১৫,৯৬,৫০০/(পনের লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত)টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে। উল্লেখ্য, উক্ত অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।


