print news || Dailydeshsomoy

বন্ধুত্ব নয়, তাদের লড়াইটাই বেশি জনপ্রিয়। বহু পুরোনোও বটে। বহু বছর ধরেই ইঁদুর জেরি এবং তার চিরশত্রু বিড়াল টমের সেই লড়াই বহু মানুষকে বিনোদন দিয়ে আসছে। অনেকেরই ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে ‘টম অ্যান্ড জেরি’র খুনসুটির স্মৃতি।

ছোটবেলার সেই নস্টালজিয়া উস্কে আবারও বড়পর্দায় ফিরছে ‘টম অ্যান্ড জেরি’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রুনো মার্সের ‘কাউন্ট অন মি’ গান। তার মধ্যেই গল্পকারকে বলতে শোনা যাচ্ছে, ‘টম অ্যান্ড জেরি’ পৃথিবীর সেই বিখ্যাত জনপ্রিয় শত্রু এবার বড় শহরে সবকিছু শুরু করতে প্রস্তুত। ট্রেলারের শুরুটা ঠিক এভাবেই হয়েছে।

তারপর ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে জমে উঠেছে লড়াই। গোটা ট্রেলারটিতে টম এবং জেরির হাজারো কীর্তিকলাপে মন মজবে দর্শকদের। ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাব্য সময় আগামী বছরের ৫ মার্চ। এটি পরিচালনা করেছেন টিম স্টোরি।

প্রসঙ্গত, ইঁদুর-বেড়ালের এই লড়াইয়ের শুরুটা হয়েছিল ১৯৪০ সালে ‘পাস গেটস দ্যা বুটস’ ছবির হাত ধরে। তখন এই ইঁদুর বেড়ালের নাম ছিল জয়াপসার ও জিঙ্কস। পরবর্তীকালে এই চরিত্র দুটি পরিচিতি পায় ‘টম অ্যান্ড জেরি’ নামে।