print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, জানুয়ারি,২০২২

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নের দাড়িয়াপাড়া ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ভোট দিলেও মহিলা ইউপি সদস্যকে ভোট না দিয়েই উধাও হয়েছে ১৩৩ জন ভোটার।
গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন এর দাড়িয়াপাড়া ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৩৫৬ জন। ৭ জন চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিয়েছে ১ হাজার ২৫৮ জন ভোটার। এর মধ্যে ৯টি ভোট বাতিল করা হয়। পরে ৫ জন ইউপি সদস্য পদে ১ হাজার ২১০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।এখানে ৪৮ জন ভোটার কম দেখানো হয়।
এরপর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন প্রার্থীদের ভোট দিয়েছে ১ হাজার ১২৫ জন ভোটার।

নিয়মানুযায়ী একজন ভোটার চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ভোট দেওয়ার কথা থাকলেও অস্বাভাবিক ভাবে সংরক্ষিত মহিলা সদস্য পদের চেয়ে ১৩৩ টি ও সাধারন সদস্য পদের চেয়ে ৪৮টি ভোট বেশি দেওয়া হয়েছে চেয়ারম্যান পদে।

পরিসংখ্যানে দেখা যায়, ১৩৩ জন ভোটার চেয়ারম্যান পদে বেশি ভোট দিয়ে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট না দিয়েই উধাও হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী প্রভাব খাটিয়ে জোড় করে সীল মেরে নেয়। এ সময় সংরক্ষিত সদস্য প্রার্থীদের বাঁধার মুখে তারা অন্য কোন পদে সীল না মারার কারণে এই অবস্থা দাড়িয়েছে।

এদিকে ৪৮টি ভোট নিয়ে দুই সাধারন সদস্য প্রার্থীর মাঝে জয়-পরাজয় বড় বিষয় হয়ে দাড়িয়েছে। ভোটগুলো অবৈধ, এসব ভোট বাতিল করে সুষ্ঠুভাবে গনণা করে ফলাফল পুনঃনির্ধারণ করারও দাবী জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল জানান, বিষয়টি আমার জানা নেই, এমন হলে তা খতিয়ে দেখা হবে।