
প্রকাশিত,১৫ নভেম্বর ২০২১
খুলনা জেলা প্রতিনিধি ঃ
খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের আলোচিত শিশু তানিশা হত্যা মামলায় সৎ মা তিথী আক্তার মুক্তাকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ,(১৫, নভেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাত কার্যদিবসে মামলাটির কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আদালত সূত্র জানায়, তানিশা আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়ন সদস্য মো: খাজা শেখের কন্যা। তার আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ২০২০ সালের ২৯ জানুয়ারি ফকিরহাট উপজেলার আট্রাকি গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত হোসেন আলী শেখের মেয়ে মুক্তাকে বিয়ে করেন তিনি। মুক্তা বিয়ের পর থেকেই মোবাইলে আসক্ত ছিল । বিভিন্ন ব্যক্তির সাথে ইমো ও ম্যাসেঞ্জারে কথা বলতো। এ নিয়ে খাজা স্ত্রীকে সন্দেহ করতো।
এ বছরের ২ এপ্রিল ম্যাসেঞ্জারে তার স্ত্রী মুক্তা, ফারাবি প্রসেনজিত নামে এক ব্যক্তির সাথে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া বাধে। একপর্যায়ে খাজা স্ত্রীকে তালাক দেওয়াসহ বিষয়টি সকলকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। তারপর স্ত্রী মুক্তা, খাজার ওপর প্রতিশোধ নিতে তানিশাকে হত্যার পরিকল্পনা করে। তারপর পাঁচ এপ্রিল রাত নয়টার দিকে ঘুমন্ত তানিশাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ভিকটিমের দাদা মো: আবুল বাশার শেখ বাদী হয়ে তেরখাদা থানায় মুক্তাকে আসামি করে মামলা করেন। এ বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম মুক্তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন স্বাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মোঃ এনামুল হক।
আজ খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
বাবুল আকতার
খুলনা।


